
নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে অনেকটাই পাল্টে গেছে ঢাকার কমলাপুর রেলস্টেশনের চিত্র। চাহিদা কম থাকায় লাইনে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যে টিকিট সংগ্রহ পারছেন যাত্রীরা।
গত চারদিনের মতো ভিড় দেখা যায়নি আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর)। কাঙ্ক্ষিত টিকিট পেতে কোনো সমস্যাদ না হওয়ায় ছিল না কোনো আক্ষেপ বা অভিযোগ।
আজ সকাল ৮টায় শুরু হয় টিকেট বিক্রি। এদিন দেয়া হচ্ছে ১১ সেপ্টেম্বর ঈদযাত্রার অগ্রিম টিকিট। আজ চাঁদ দেখা গেলে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১২ সেপ্টেম্বর। সে বিষয়টি মাথায় রেখেই পাঁচদিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেলওয়ে।
সকাল ৯টার মধ্যে চট্টগ্রামের তূর্ণা নিশীথা, মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস এবং নোয়াখালীর উপকূল এক্সপ্রেসের কাউন্টার একেবারে ফাঁকা হয়ে যায়। এদিন ৭ নম্বর কাউন্টারে সুবর্ণ, সোনারবাংলা এক্সপ্রেস এবং মহানগর প্রভাতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। সেখানে যাত্রীদের কিছুটা ভিড় থাকলেও তা গত কয়েকদিনের মতো নয়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদযাত্রায় প্রতিদিন কমলাপুর থেকে ৬৯টা ট্রেন ছেড়ে যাবে।
কমলাপুর ছাড়াও বিমানবন্দর এবং চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, ঈশ্বরদী, রাজশাহী, দিনাজপুর ও লালমনিরহাটসহ বড় স্টেশনগুলো থেকেও অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার সকাল ৮টা থেকে কমলাপুরের ২৩টি কাউন্টার থেকে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি।