
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। এতে করে বঙ্গবন্ধু সেতুগামী মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান বলেছেন, ভুট্টা নিয়ে ট্রাকটি উত্তরবঙ্গ থেকে ঢাকা আসছিল। আর বাসটি ঢাকা থেকে যাচ্ছিল উত্তরবঙ্গের দিকে। তখন ধলাটেঙ্গর এলাকায় দুই বাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে করে ট্রাক চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। কিন্তু তার নাম এখনও জানাতে পারেননি ওসি। ওই দুর্ঘটনার পর আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অধিকাংশই ছিলেন বাসের আরোহী।
আবার এদিকে দুর্ঘটনার পর দীর্ঘ সময় রাস্তা আটকে থাকায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়েছে।