News71.com
 Bangladesh
 01 Sep 16, 09:00 PM
 327           
 0
 01 Sep 16, 09:00 PM

ঢাকা-দিনাজপুরে ব্রডগেজ পথে ট্রেন; আসন সংখ্যা ৬৮১টি ।।

ঢাকা-দিনাজপুরে ব্রডগেজ পথে ট্রেন; আসন সংখ্যা ৬৮১টি ।।

নিউজ ডেস্কঃ ঢাকা থেকে দিনাজপুরে রেলপথে দ্রুতযান ও একতা এক্সপ্রেস নামে দুটি ট্রেন নবনির্মিত ব্রডগেজ লাইন দিয়ে আজ বৃহস্পতিবার থেকে চলাচল করছে। এর পূর্বে ট্রেন দুটি মিটারগেজ লাইন দিয়ে চলত। এর ফলে ঢাকা ও দিনাজপুরের মধ্যে চলাচলকারী ট্রেন দুটির সময় কমপক্ষে প্রায় এক ঘণ্টা হ্রাস পাবে রেলওয়ে সূত্রে জানা যায়।

এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক মো. গোলাম মোস্তফা বলেন, আজ রাত ৯টা ২০ মিনিটে দিনাজপুর থেকে একতা এক্সপ্রেস ট্রেনটি নব নির্মিত ব্রডগেজ লাইন দিয়ে পরীক্ষামূলকভাবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইভাবে আগামীকাল শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় একতা এবং রাত ৮টায় দ্রুতযান এক্সপ্রেস ব্রডগেজ লাইন দিয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। একতা ট্রেনটি দিনাজপুরে পৌঁছাবে ওই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং দ্রুতযান শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে দিনাজপুরে পৌঁছাবে। আগে মিটারগেজ লাইনে চলাচলকারী ট্রেন দুটির চেয়ে নতুন ট্রেন দুটি ৪০ মিনিটে কম সময়ে গন্তব্যে পৌঁছাবে বলেও তিনি জানান।

দিনাজপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ব্রডগেজ লাইন দিয়ে চলাচলকারী ট্রেন দুটিকে ১০টি করে যাত্রীবাহী কোচ ছাড়াও একটি করে খাবার গাড়ি, দুটি করে পাওয়ার কার, পরিচালক কোচ সংযোজিত থাকবে। প্রতিটি ট্রেনের যাত্রী পরিবহনকারী ১০টি কোচের মধ্যে পাঁচটি শোভন চেয়ার কোচের প্রতিটিতে ৯২টি করে মোট ৪৬০টি আসন, ৮০ আসনের একটি এসি চেয়ার কোচ এবং মোট ৪৮টি আসন বিশিষ্ট একটি এসি কেবিনের কামরাসহ একটি ট্রেনের মোট আসনসংখ্যা হবে ৬৮১টি।

হুইপ ইকবালুর রহিম মোবাইলে আজ বিকেলে বলেন, দিনাজপুর থেকে ঢাকা নবনির্মিত ব্রডগেজ লাইন দিয়ে নতুন সুপরিসর দুটি ট্রেন চালু হওয়ার মধ্য দিয়ে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের মানুষের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণ হলো। শিগগিরই ট্রেন দুটিতে সম্পূর্ণ নতুন কোচ সংযোজন করা হবে এবং দুটি ট্রেনই পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত চলাচল করবে বলে আশা প্রকাশ করেন দিনাজপুর-৩ (সদর) আসনের এই সাংসদ।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন সাংবাদ সংস্থা বাসসকে জানান, ঢাকা থেকে দিনাজপুরের মধ্যে চলাচলকারী দ্রুতযান ও একতা এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত নবনির্মিত ডুয়েলগেজ লাইনে চলাচল করবে। এত দিন এ রেলপথে মিটারগেজ কোচ দ্বারা ট্রেন পরিচালনা করা হতো। এখন মিটারগেজ ট্রেনের পাশাপাশি ব্রডগেজ ট্রেনও চলাচল করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন