News71.com
 Bangladesh
 01 Sep 16, 07:56 PM
 349           
 0
 01 Sep 16, 07:56 PM

দুদকের বিরুদ্ধে রাজউক কর্মীদের বিক্ষোভে উদ্বেগ টিআইবির ।।

দুদকের বিরুদ্ধে রাজউক কর্মীদের বিক্ষোভে উদ্বেগ টিআইবির ।।

নিউজ ডেস্কঃ অর্থ আত্মসাতের মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই প্রকৌশলীকে গ্রেপ্তারের পর দুদকের বিরুদ্ধে রাজউক কর্মীদের বিক্ষোভে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।


সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকারের পরিপন্থী এ ধরনের অবস্থান থেকে সরকারি কর্মকর্তাদের বিরত রাখার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বানও জানিয়েছে সংস্থাটি।


আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হওয়ার পরও রাজউক কর্মীদের এ বিক্ষোভ সরকারঘোষিত সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি তাদের অনাস্থার পরিচয়। এ পরিস্থিতি কোনোভাবেই কাম্য হতে পারে না। এর মাধ্যমে বিক্ষোভকারীদের বাস্তবে দুর্নীতির পক্ষেই অবস্থান গ্রহণ করেছেন কি না, এটা তাদেরই ভাবা উচিত। যথাযথ প্রক্রিয়ায় আইনসম্মতভাবে দুদকের দায়িত্ব পালনে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি যেন না হয়, তা নিশ্চিত করা উচিত।’


ইফতেখারুজ্জামান আরো বলেন, দুদক বাংলাদেশে জাতীয় শুদ্ধাচার কৌশলের অন্যতম স্তম্ভ। রাজউকও জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতাভুক্ত প্রতিষ্ঠান। তা সত্ত্বেও দুদকের বিরুদ্ধে সরকারেরই আরেক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এ ধরনের বিক্ষোভ প্রকারান্তরে শুদ্ধাচার ও সততার চর্চা এবং দুর্নীতি প্রতিরোধে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।


বিবৃতিতে বলা হয়, দুদকের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বিষয়ে প্রশ্ন থাকলে নির্দিষ্ট রীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। অনাকাঙ্ক্ষিত আন্দোলনের মাধ্যমে দুদককে অচল করে দেওয়ার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের অবস্থান বাস্তবে বিচারিক প্রক্রিয়ার প্রতি অবমাননাকর। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। অভিযোগ যথার্থ কি না, তা নিরূপণের জন্য বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করাই উচিত।
বিবৃতিতে আরও বলা হয়, দুর্নীতি দমনের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে রাজউক কর্তৃপক্ষ ও কর্মীরা সুশাসনের পথে সহায়তা করবেন এবং দুদকও এ ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে প্রত্যাশা করছে টিআইবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন