News71.com
 Bangladesh
 01 Sep 16, 11:35 AM
 440           
 0
 01 Sep 16, 11:35 AM

রাজশাহী-কলকাতা রুটে সরাসরি বাস চলাচল শুরু ।।

রাজশাহী-কলকাতা রুটে সরাসরি বাস চলাচল শুরু ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহী-কলকাতা রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। আজ সকাল ৮টায় দেশ ট্রাভেলসের একটি বিলাসবহুল বাস কলকাতার উদ্দেশ্যে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল ছেড়ে যায় । বাসটি নাটোর, যশোর ও বেনাপোল হয়ে কলকাতা পৌঁছানোর কথা রয়েছে। সকালে রাজশাহী সড়ক ও পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মুনজুর রহমান পিটার বাস সার্ভিসের উদ্বোধন করেন। দেশ ট্রাভেলসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় পরিবহন নেতারা এ সময় উপস্থিত ছিলেন ।

দেশ ট্রাভেলসের (রাজশাহী) ম্যানেজার মাসুদ রানা জানান, প্রথমে পর্যায়ে প্রতিদিন একটি করে বাস আসা-যাওয়া করবে। তবে পর্যায়ক্রমে রাজশাহী-কলকাতা রুটে প্রতিদিন ৩টি বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। তিনি জানান, বেসরকারি উদ্যোগে হলেও আজ থেকে এ রুটে বাস সার্ভিস চালুর মধ্য দিয়ে রাজশাহীর মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। ‘দেশ ট্রাভেলস’ এ অঞ্চলের মানুষের দাবি পূরণ করেছে। এর ফলে দু’দেশের সঙ্গে ব্যবসা, শিক্ষা ও চিকিৎসাসহ নানা কাজে গতিশীলতা আসবে ।

এদিকে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এক হাজার ৮শ’ টাকার একটি প্যাকেজ (শুকনো খাবার সরবরাহ ও ইমিগ্রেশন ফি দিতে হবে না) ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দেশ ট্রাভেলস এর ম্যানেজার মাসুদ রানা। তিনি জানান, আগামীকাল থেকে প্রতিদিন সকাল সোয়া ৭টায় রাজশাহী থেকে বাসটি ছেড়ে যাবে। কুষ্টিয়া, যশোর, বেনাপোল হয়ে কলকাতায় গিয়ে পৌঁছাবে বিকেল সাড়ে ৩টায় ।

আর কলকাতা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বাসটি ছাড়বে প্রতিদিন বেলা ১১টায়। বিশ্বখ্যাত হুন্দাই কোম্পানির শীতাতপ নিয়ন্ত্রিত এ সার্ভিসে কলকাতা যেতে যাত্রী প্রতি ভাড়া পড়বে এক হাজার ৮শ’ টাকা। ইমিগ্রেশনের জন্য আলাদা অর্থের প্রয়োজন হবে না। মাসুদ রানা জানান, আমাদের লক্ষ্য রাজশাহী ও নাটোর থেকে কলকাতাগামী যাত্রীদের ভ্রমণ আরও সহজ করা। যাতে মানুষ সহজেই রাজশাহী-কলকাতা রুটে যাতায়াত করতে পারেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন