
নিউজ ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মেয়েরা শিক্ষিত হলে নিজেরাই ভাগ্য পরিবর্তন করতে পারবে। শেখ হাসিনার সরকার সেই লক্ষে দেশের নারী সমাজের জন্য কাজ করে যাচ্ছে। কারণ দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী নারী সমাজকে দরিদ্র রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। আজ বুধবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে হত দরিদ্র নারীদের মধ্যে আইসিভিজিডির ক্যাশ ট্রান্সফার উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণেই সর্বক্ষেত্রে বাবার নামের পাশাপাশি মায়ের নাম লিখা বাধ্যতামূলক করা হয়েছে। নারীরাই দেশ তথা সমাজের ভাগ্য পরিবর্তন করছে। আবার তারাই রোজগার করলে পরিবারে স্বচ্ছলতা ফিরে আসছে।
গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) এস.এম আলমের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সমন্বয়কারী জেসমিন বেগমের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, ডব্লিউএফপির প্রতিনিধি ক্রীস্টা র্যাবডার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী, আইসিভিজিডির প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু, গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান, পুলিশ সুপার গোলাম সবুর, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডাইরেক্টর মো. আরফান আলী প্রমুখ।