News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:23 PM
 311           
 0
 31 Aug 16, 11:23 PM

বর্তমান সরকার পরিবেশ বান্ধব ।। পরিবেশ ও বনমন্ত্রী

বর্তমান সরকার পরিবেশ বান্ধব ।। পরিবেশ ও বনমন্ত্রী

নিউজ ডেস্কঃ পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, নারায়ণগঞ্জসহ সারা দেশে পরিবেশ বান্ধব শিল্পকারখানা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। আগামী প্রজন্মের স্বার্থে আমাদের পরিবেশ বান্ধব শিল্পকারখানা গড়ে তুলতে হবে। অচিরেই নারায়ণগঞ্জের বর্জ্যকে সারে পরিণত করার একটি পরিকল্পনা গ্রহণ করা হবে। আজ বুধবার বিকালে ফতুল্লার নরসিংপুর এলাকায় অবস্থিত দেশের সবচেয়ে পরিবেশ বান্ধব গার্মেন্টস প্লামি ফ্যাশন লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘বর্তমান সরকার জনবান্ধব সরকার । রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন কিংবা অন্য কোন কিছুর জন্য ক্ষতিকর এমন কোন তথ্য দেশি ও বিদেশি সংস্থা দিতে পারেনি। পরিবেশ নষ্ট হওয়ার মত কোন কাজ বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা সম্ভব নয়। পরিবেশের কোন ক্ষতি হলে সরকার নিশ্চয় এই প্রকল্প অনুমোদন দিত না। সুতরাং মুখে মুখে না বলে প্রমাণ করা উচিৎ- এই প্রকল্প কিভাবে ক্ষতিকর, তাছাড়া যারা এ নিয়ে বড় বড় বক্তব্য রাখছেন তাদের চাইতে শেখ হাসিনা কোন অংশেই কম জ্ঞানের অধিকারী নয়।’

তিনি বলেন, ‘আমরা দেশে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়তে উৎসাহিত করার লক্ষ্যে পুরুস্কার প্রদান শুরু করেছি। বর্তমান প্রজন্ম এবং নতুন প্রজন্ম যাতে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান এমনকি আবাসিক এলাকা গড়ে তুলে এ জন্য বর্তমান সরকার সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছে। আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশ বান্ধব সমাজ গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

সংসদ সদস্য শামীম ওসমান নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্তসহ নারায়ণগঞ্জকে বসবাস যোগ্য নগরী গড়ে তুলতে আনোয়ার হোসেন মঞ্জুর প্রতি অনুরোধ জানালে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে গুরুত্ব দিয়ে আসছেন।

এ সময় পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান, পরিবেশ ও বন সচিব ডক্টর কামাল উদ্দিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ ও বনমন্ত্রী নারায়ণগঞ্জ পৌঁছালে সংসদ সদস্য শামীম ওসমান তাকে স্বাগত ও ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে মন্ত্রী তার মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্লামি ফ্যাশন পরিদর্শন করেন। ফ্যাক্টরি পরিদর্শনকালে প্লামি ফ্যাশন লিমিটেডের এমডি ফজলুল হক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গার্মেন্টস্ প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন