
নিউজ ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, সরকার নিরাপদ অভিবাসন এবং অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে। এছাড়া বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে সরকার বেশ কিছু গুরুত্ব পূর্ণ পদক্ষেপ নিয়েছে। কর্মীদের স্বার্থ রক্ষায় বৈদেশিক কর্মসংস্থান অভিবাসন আইন-২০১৩ প্রণয়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার শ্রীলংকার রাজধানী কলম্বোতে ‘কলম্বো প্রসেস’ এর পঞ্চম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অভিবাসন উন্নয়নের উদ্দেশ্যকে অন্তর্ভূক্ত করেছে এবং সে লক্ষ্যে কাজ করছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের মাধ্যমে অধিক দক্ষকর্মী তৈরি এবং বিদেশে কর্মী প্রেরণে তার সরকার কাজ করছে। ‘কলম্বো প্রসেস’ এর বর্তমান চেয়ারম্যান ও শ্রীলংকার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী থালাথা আথুকোরালে এর সভাপতিত্বে সম্মেলনে এশিয়ার অভিবাসী কর্মী প্রেরণকারী ১১টি দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে অভিবাসী কর্মীদের স্বার্থরক্ষা ও তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন বিষয়াদি সমন্বিত ‘কলম্বো ঘোষণা’ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।