
নিউজ ডেস্কঃ আরও একমাস পর্যন্ত কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ পেয়েছে দেশের সবচেয়ে পুরনো মোবাইল ফোন অপারেটর সিটিসেল ।
সিটিসেলের করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের হাইকোর্টের একক কোম্পানি বেঞ্চ আজ ১মাস কার্যক্রম অব্যাহত রাখার আদেশ দেন। একইসঙ্গে এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রমে হস্তক্ষেপ না করতে বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ।
২৩শে আগস্ট থেকে এ অপারেটরটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। হাইকোর্টের আদেশের ফলে সিটিসেল আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটি কার্যক্রম চালাতে পারবে। আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরদিকে বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব ।
পরে রেজা-ই-রাকিব জানান, গত ১৭ই আগস্ট সিটিসেলকে ৩০ দিনের শোকজ নোটিশ দিয়ে বন্ধের ঘোষণা দেয় বিটিআরসি। আদালত আজ সেই সময় পর্যন্ত তাদের স্বাভাবিক কার্যক্রমে কোনো বাধা না দিতে নির্দেশ দিয়েছেন। ফলে আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত তারা কার্যক্রম চালাতে পারবে ।