News71.com
 Bangladesh
 30 Apr 26, 02:02 PM
 16           
 0
 30 Apr 26, 02:02 PM

দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপরে॥ বাড়ছে বন্যার ঝুঁকি  

দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপরে॥ বাড়ছে বন্যার ঝুঁকি   

নিউজ ডেস্কঃ বৈশাখের মাঝামাঝিতে দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতাসংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘের প্রভাবে মঙ্গলবার থেকে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ প্রবণতা অব্যাহত থেকে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এমনকি আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের ধারা থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় দিনের শুরু থেকেই বৃষ্টি হয়েছে। বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে নোয়াখালীর হাতিয়ায় সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ময়মনসিংহে ১০৪, নেত্রকোনায় ১০১ এবং পটুয়াখালীর খেপুপাড়ায় ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় ৪৫ মিলিমিটার ও চট্টগ্রামে ৪৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন