
নিউজ ডেস্কঃ দেশে চলমান জ্বালানি সংকট নিরসন ও ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (২০ এপ্রিল) থেকে দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসের গড় বিক্রির ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বাড়ানো হচ্ছে।
জানা গেছে, জনদুর্ভোগ লাঘব এবং বর্তমান চাহিদা বিবেচনা করে আজ সোমবার থেকে বিপিসির তিন বিপণন কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনাকে বর্ধিত হারে তেল সরবরাহের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখা থেকে জারি করা এই নির্দেশনার ফলে সোমবার থেকে দৈনিক ১৩ হাজার ৪৮ টন ডিজেল, ১ হাজার ৫১১ টন পেট্রোল এবং ১ হাজার ৪২২ টন অকটেন বাজারে সরবরাহ করা হবে। এর আগে ফিলিং স্টেশনগুলোত প্রতিদিন ডিজেল ১১ হাজার ৮৬২, অকটেন ১ হাজার ১৮৫ টন ও পেট্রোল ১ হাজার ৩৭৪ টন সরবরাহ করা হতো।