
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফাঁড়াবাড়ি শাখার নৈশ্যপ্রহরী রবিউল ইসলামকে (২৬) গলাকেটে হত্যা করেছেন একদল সন্ত্রাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এ ঘটনাটি ঘটে। রবিউল ইসলাম সদর উপজেলার বড় বালিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ব্যাংকের ভেতরে চেচামিচি শুনে কয়েকজন নারী বাইরে থেকে জানতে চান, ভেতরে কী হচ্ছে। এসময় ভেতর থেকে জানানো হয়, পারিবারিক সমস্যা নিয়ে কথা হচ্ছে। এ ঘটনার কিছুক্ষণ পর সেখানে নিশ্চুপ হয়ে যায়। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
উক্ত ঘটনায় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফাঁড়াবাড়ি শাখার ম্যানেজার তৌফিকুল ইসলাম বলেন, নিহত রবিউল সন্ধ্যা হলেই ব্যাংকে চলে আসত এবং এখানেই ঘুমান। তবে এটি ব্যাংক ডাকাতির কোনো ঘটনা নয়। সম্ভবত পারিবারিক বা পূর্ব শত্রুতার কোন জের ধরে এ ঘটনাটি ঘটেছে ।