
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মলয়েন্দ্র নাথ রায় (৪৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে তার পোশাক লুটে নিয়েছে কয়েকজন ডাকাত। গতকাল সোমবার দিনগত গভীররাতে জেলার নাসিরনগর উপজেলার তুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা আশুগঞ্জ নৌপুলিশে এসআই হিসেবে কর্মরত। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হবি পাঠান (৩৪) ও নেকবর মিয়া (৩০) নামে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন , ডাকাতরা ওই পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার পোশাক ও কিছু জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় দুই ডাকাতকে আটক করা হয়েছে।