
নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে নতুন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হয়েছে। কমিশনের অপর দুই সদস্য হলেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। আজ সোমবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদক চেয়ারম্যান ও দুজন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদের বিপরীতে দুজন করে অর্থাৎ মোট ছয়জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করে এ-সংক্রান্ত বাছাই কমিটি। সেখান থেকে রাষ্ট্রপতি একজনকে চেয়ারম্যান ও দুজনকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর নেন। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।এ ছাড়া কমিশনার হিসেবে নাম চূড়ান্ত হওয়া ড. সাজ্জাত হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার ও অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আর ড. জাহাঙ্গীর আলম খান সাবেক সচিব।গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়।