
নিউজ ডেস্ক : মাগুরা সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। আজ
সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কসুন্দি এলাকায় ডাকাত-পুলিশ গোলাগুলির এ ঘটনাটি ঘটেছে। মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান নিহত আমিনুল ইসলাম লিটন (৪২) সদর উপজেলার আজমপুরের বাসিন্দা ইদ্রিস মোল্লার ছেলে। সে আন্তজেলা ডাকাত দলের সর্দার ছিল। বর্তমানে তার লাশ মাগুরা সদর থানায় রাখা রয়েছে।
পুলিশ সুপারের দাবি, ডাকাতদের সাথে এ গোলাগুলির ঘটনায় তাজ উদ্দিন, কামরুল, মামুন ও লাল মিয়া নামে চার কনস্টেবল আহত হয়েছেন। তারা মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এসপি এহসান আরও বলেন, আজ ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কুসুন্দি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ।এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে একদল সংঘবদ্ধ ডাকাত। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে ডাকাত সর্দার লিটনের লাশ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি রামদা, একটি চাপাতি ও গাছকাটার করাত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এসপি আরও বলছেন, নিহত লিটন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ছিল । তার বিরুদ্ধে মাগুরা সদর থানা ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিক মামলা রয়েছে।