
নিউজ ডেস্ক : দিনাজপুরে একটি প্রাইভেটকারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানোর পর দুই আরোহী নিহত হয়েছে । আজ রোববার দুপুর ১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ব্যাঙকালী সুন্দরবন ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের পাহাড়পুর এলাকার জুয়েল টাওয়ারের বাসিন্দা রাকতুবা বেগম (৩০) এবং তাঁর বাড়ির গৃহকর্মী রেজিয়া বেগম (২৩) ।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিকুজ্জামান বলেন, দুপুরে গৃহকর্মীকে নিয়ে দিনাজপুর শহর থেকে রংপুর যাচ্ছিলেন রাকতুবা বেগম । তাঁদের বহনকারী প্রাইভেটকারটি ব্যাঙকালী সুন্দরবন ইটভাটা এলাকায় পৌঁছালে সেটির একটি চাকা ফেটে যায় । এতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটিতে থাকা দুই নারীই ঘটনাস্থলে নিহত হন ।
এ ছাড়া গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আসংখাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ।