News71.com
 Bangladesh
 14 Jun 16, 01:41 PM
 506           
 0
 14 Jun 16, 01:41 PM

দেড় কেজি সোনাসহ বিমানযাত্রী আটক

দেড় কেজি সোনাসহ বিমানযাত্রী আটক

নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ বাংলাদেশ বিমানের এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তির নাম রিপন রেজা (৪১)। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলায়। আজ মঙ্গলবার সকালে বিমানবন্দরের ক্যানপি-২ এলাকা থেকে তাঁকে আটক করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার বলেন, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি ০৮৭ নম্বর ফ্লাইটে করে আজ ভোরে ঢাকায় আসেন রিপন রেজা।

বিমানবন্দরের আনুষঙ্গিক কাজ শেষ করে সকাল সাতটার দিকে ক্যানপি-২ এলাকায় অবস্থান করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে তাঁর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। তবে রিপন রেজা তাঁর সঙ্গে থাকা ট্রলির ওপরের অংশে স্কচটেপ দিয়ে একটি প্যাকেট লুকিয়ে রেখেছিলেন। প্যাকেটটির ভেতর সোনার ছয়টি টুকরা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বড় একটি সোনার বার কেটে কয়েক টুকরো করা হয়। ছয়টি সোনার টুকরার ওজন ১ কেজি ৫০০ গ্রাম। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন