News71.com
 Bangladesh
 04 Feb 24, 10:18 AM
 127           
 0
 04 Feb 24, 10:18 AM

রাজস্ব ঘাটতি॥ টাকার জন্য মরিয়া সরকার

রাজস্ব ঘাটতি॥ টাকার জন্য মরিয়া সরকার


নিউজ ডেস্কঃ ডলার-সংকটে অর্থনীতিতে নাজুক পরিস্থিতি চলছে। এ সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক একের পর এক পদক্ষেপ নিলেও কিছুতেই কাজ হচ্ছে না। ডলারের তীব্র সংকটের মধ্যেই এবার টাকার অভাবে পড়েছে সরকার। রাজস্ব আয়ে ঘাটতি ক্রমে বাড়তে থাকায় ব্যয় মেটাতে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে সমানে ধার করছে। এতে বাড়ছে ঋণের বোঝা। চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সরকারের রাজস্ব আয়ে ঘাটতি ২৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আমদানি নিয়ন্ত্রণের প্রভাবে ব্যবসা-বাণিজ্যের গতি শ্লথ হওয়ায় রাজস্ব আয়ে ভাটা পড়েছে। আয়ে টান পড়লেও ব্যয় কিন্তু থেমে নেই। এতে টান পড়েছে কোষাগারে। খরচ মেটাতে গত জানুয়ারির প্রথম সপ্তাহের এক দিনেই সাড়ে ১১ শতাংশ পর্যন্ত সুদে ৬ হাজার কোটি টাকা ধার করেছে সরকার। এসব ধার-দেনা চলছে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে। এতে ট্রেজারি বিলের সুদহারও বাড়ছে।


গত জানুয়ারিতে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেওয়া পুঞ্জীভূত ঋণ ৮ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। পরিস্থিতি যা, তাতে বোঝা যাচ্ছে, সামনে সরকার এ পদ্ধতিতে আরও বেশি টাকা তুলবে। সরকার নিজের খরচে লাগাম না টানতে পারলেও ঠিকই বেসরকারি খাতে টাকার প্রবাহ কমানোর কৌশল নিয়েছে। মূল্যস্ফীতি সহনীয় রাখার নামে বেসরকারি খাতের ঋণের সুদের হার দফায় দফায় বাড়িয়ে চলেছে। এর ফলে আমানতের সুদের হারও স্বাভাবিকভাবে বাড়ছে। এতে করে বাজার থেকে টাকা তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন