
নিউজ ডেস্কঃ শিক্ষকদের উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনারা শিক্ষকরা সাহসী হন। রাস্তায় নেমে আসেন। কল্যাণকর রাষ্ট্রের জন্য সবাইকে একত্র হয়ে সংগ্রাম করতে হবে। সেই সংগ্রামে আপনাদের সঙ্গে আছি। যতই বয়স হোক, হুইলচেয়ারে বসে হলেও আমি আপনাদের সঙ্গে থাকব।
৪৬তম ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে সোমবার (১৬ মে) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর পদ্মা নদীর পাড়ে লালন মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, টিসিবির ট্রাকের সামনে মানুষের লাইন দীর্ঘ হচ্ছে। প্যান্ট-শার্ট পরা লোকেরাও এখন টিসিবির ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকে। এমন পরিস্থিতিতে মানুষ দিনকে দিন বলতে পারে না। দিনকে তারা রাত হিসেবেই দেখে। কিন্তু কত সহজে এ সমস্যার সমাধান করা যেত। সুষ্ঠু নির্বাচন, সুশাসন এবং দুই কোটি পরিবারকে সামরিক দরে রেশন দেন। এসবই করা সম্ভব। কিন্তু তা না। আপনারা করছেন অপচয়। বিদ্যুৎ উৎপাদন করেছেন, কিন্তু এখনো কুইক রেন্টাল কেন রেখেছেন? এসব রাগ-ক্ষোভ কমানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার দরকার।