
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় অশনি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে দক্ষিণের উপকূলবাসীর মাঝে। গতিমুখ অনুযায়ী উপকূলের দিকে এগিয়ে আসলে আঘাত হানতে পারে বাংলাদেশের দক্ষিণের উপকূলে। এরইমধ্যে বরিশালসহ উপকূলীয় এলাকাগুলোর আকাশে মেঘের সঞ্চার ঘটেছে, কিছু কিছু জায়গাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতও হচ্ছে। আর ঘূর্ণিঝড়ের আঘাতের কথা মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার। গত শনিবার সেরে নেয়া হয়েছে জেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা।
বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র জানায়, অশনি মোকাবিলায় বরিশাল বিভাগে ৪ হাজার ৯১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তত করা হয়েছে। যার মধ্যে বরিশাল জেলায় ১ হাজার ৭১টি আশ্রয় কেন্দ্র, পটুয়াখালীতে ৯২৫টি, ভোলায় ১১০৪টি, পিরোজপুরে ৭১২টি, বরগুনায় ৬২৯টি এবং ঝালকাঠিতে ৪৭৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ২০ লাখ মানুষের পাশাপাশি কয়েক লাখ গবাদি পশুও রাখা যাবে। আশ্রয় কেন্দ্রগুলোয় বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও বিদ্যুতের ব্যবস্থা করতে নির্দেশনা দেয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ত্রাণ-দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাদের নিয়ে শনিবার সকালে সভা করা হয়েছে। শুকনা খাবার ও সাইক্লোন সেন্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। সিপিপি ভলান্টিয়ারদেরও প্রস্তুত করা হয়েছে। উপকূলীয় এলাকাকে বেশি গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।