
নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেকেই অনেকভাবে দেখে থাকেন। তবে বিগত ১০ বছরের বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘হাফ গ্লাস ফুল’ হিসেবে দেখতে হবে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর গুলশানে ইন্ডিয়া হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ এবং ঢাকা-দিল্লির বর্তমান সম্পর্ক’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে ‘রক্তধারা-৭১’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারত একই সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে চলেছে। বাংলা ও মুঘল ভারতের ইতিহাস দুই দেশই বহন করছে। আপনাদের ইতিহাস ও ঐতিহ্য মানে আমাদের ইতিহাস ও ঐতিহ্য। একইভাবে আমাদের ইতিহাস ও ঐতিহ্য মানে আপনাদেরও ইতিহাস-ঐতিহ্য। তিনি বলেন, বাংলাভাষা ভারতের অন্যতম অফিসিয়াল ভাষা। দুই দেশের জাতীয় সঙ্গীত একজনই লিখেছেন। এমন বিরল দৃষ্টান্ত বিশ্বের আর কোনো দেশেই নেই।