
নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ইন্দো-প্যাসিফিক কৌশল কোনো সামরিক জোট নয়। এর উদ্দেশ্যও সেটা নয়। ইন্দো-প্যাসিফিক কৌশল যুক্তরাষ্ট্রপন্থী অঞ্চল বা চীনপন্থী অঞ্চলের মধ্যেকার প্রতিযোগিতাও নয়। প্রকৃতপক্ষে, আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে স্বতন্ত্র অঞ্চল হিসেবেই দেখি।বৃহস্পতিবার (৩১ মার্চ) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে অগ্রযাত্রা: উন্মুক্ত, সহিষ্ণু ও আন্তঃসংযুক্ত বঙ্গোপসাগর ও বহির্বিশ্বের উন্নয়নে বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ভিন্ন হলেও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য দু’দেশের রূপকল্প অভিন্ন। যেসব ক্ষেত্রে আমাদের লক্ষ্য অভিন্ন হয়, সেগুলো নিয়েই আমরা অগ্রসর হই, যেগুলোতে আমরা এক সঙ্গে কাজ করতে পারি এবং করি।