
নিউজ ডেস্কঃ প্রাথমিক বিদ্যালয়ে ২০ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার (২২ মার্চ) এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে আগামী ২০ রমজান পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৯ মার্চ কুড়িগ্রামের এক অনুষ্ঠানে ২০ রমজান পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রতিমন্ত্রী জানান, করোনার ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।