
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় সফরসঙ্গীদের নিয়ে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) কনফারেন্স রুমে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করেন ব্রিটিশ হাইকমিশনার। এ সময় রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। দেশটি ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উন্নয়ন কার্যাক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং যুক্তরাজ্য থেকে বিনিয়োগ করার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।