
নিউজ ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও দেশের প্রতিটি গ্রামে গ্রামে এমনকি বাড়ি বাড়ি উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। শনিবার ঢাকায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশন আয়োজিত উদ্যোক্তা মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টেলিযোগাযোগা মন্ত্রী বলেন, শিল্প, বাণি্জ্য এবং শিক্ষাসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে মানুষের জীবন যাপন এখন ডিজিটাল প্রযুক্তি নির্ভর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ধারাবাহিকতায় বাংলাদেশ ডিজিটাল সংযুক্তি ও যথাযথ ডিজিটাল অবকাঠামো তৈরির মাধ্যমে ডিজিটাল শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে আমরা মহাপরিকল্পনা গ্রহণ করেছি। তিনি বলেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও দেশের প্রতিটি গ্রামে গ্রামে এমনকি বাড়ি বাড়ি উচ্চগতির ইন্টারনেট আমরা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছি।