
নিউজ ডেস্কঃ সরকার জনগণের ওপর যে অত্যাচার, গুম-খুন করছে সেটাকে হালাল করার জন্য জনগণের টাকা দিয়েই যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৬ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটাকে দূর করার জন্য তারা লবিস্ট নিয়োগ দিয়েছে। তাদের মাসে ২০ হাজার ডলার দিতে হবে। এতদিন তো লম্বা লেকচার মারলেন, অনেক কথা বললেন, এখন কেন এই লবিস্ট নিয়োগ করছেন? কারণ একটাই—জনগণের ট্যাক্সের টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে জনগণের ওপরে অত্যাচার-গুম-খুনকে হালাল করতে চাচ্ছেন, ঢাকতে চাচ্ছেন, আড়াল করতে চাচ্ছেন। কিন্তু কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। এখন ধর্মের কল বাতাসে নড়তে শুরু করেছে। চতুর্দিকে ঘণ্টা বাজতে শুরু করেছে। আর উপায় নাই!