News71.com
 Bangladesh
 26 Feb 22, 11:20 AM
 171           
 0
 26 Feb 22, 11:20 AM

পুলিশকে জনগণের বন্ধু হওয়ার পরামর্শ রাষ্ট্রপতির।।

পুলিশকে জনগণের বন্ধু হওয়ার পরামর্শ রাষ্ট্রপতির।।

নিউজ ডেস্কঃ পুলিশ বাহিনীর সদস্যদের সেবার মান বাড়াতে এবং জনগণের বন্ধু হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই সঙ্গে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে কার্যেক্রম বাড়াতে বলেছেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি।

বাণীতে তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি মানুষের মৌলিক অধিকার সমুন্নত রাখতে এবং সেবার মান আরও উন্নত করতে পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। রাষ্ট্রপতি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অপরাধের কৌশল ও ধরনের পরিবর্তন ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে অপরাধীরা সাইবার জগতে নানা অপরাধ করছে, যা প্রতিরোধ করা পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রযুক্তিগত প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং নারী ও শিশুবান্ধব পুলিশি সেবার মাধ্যমে নগরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জনে ডিএমপি আরও কার্যকর ও জোরালো উদ্যোগ নেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন