
নিউজ ডেস্কঃ জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩১ হাজার ২৫৬ টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ বরাদ্দ দিয়েছে। ভিজিএফ চাল ১৬ মার্চের মধ্যে যথানিয়মে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। মঞ্জুরিপত্রে বলা হয়েছে, ২০২১-২০২২ অর্থবছরে দেশের ২০ জেলার জাটকা সম্পৃক্ত ৯৬টি উপজেলায় ৩ লাখ ৯০ হাজার ৭০০টি জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিতে ৩১ হাজার ২৫৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় প্রথম কিস্তিতে ফেব্রুয়ারি-মার্চ দুই মাসের জন্য প্রতিটি নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে ২ মাসে ৮০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো—ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ, মানিকগঞ্জ জেলার শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর, মুন্সিগঞ্জ জেলার সদর, শ্রীনগর, লৌহজং, টঙ্গিবাড়ী ও গজারিয়া, ফরিদপুর জেলার সদর, মধুখালী, সদরপুর ও চরভদ্রাসন, রাজবাড়ি জেলার সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ, শরীয়তপুর জেলার জাজিরা, ভেদরগঞ্জ, নড়িয়া ও গোসাইরহাট, মাদারীপুর জেলার সদর, কালকিনি ও শিবচর, চট্টগ্রাম জেলার বাঁশখালী, সীতাকুন্ড, সন্দ্বীপ, আনোয়ারা, মীরসরাই ও চট্টগ্রাম মহানগর, ফেনী জেলার সোনাগাজী, নোয়াখালী জেলার সদর, হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ, লক্ষ্মীপুর জেলার সদর, রামগতি, রায়পুর ও কমলনগর, চাঁদপুর জেলার সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ।