
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা বন্ধের ঘোষণা দেওয়ার পরপরই সাভারের প্রধান কেন্দ্র হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে লাখ লাখ টিকা প্রত্যাশী মানুষের ভিড় দেখা গেছে। এই ভিড় সামাল দিতে ও কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে দুই স্বাস্থ্যকর্মীসহ তিন রেড ক্রিসেন্ট সদস্য আহত হয়েছেন। এছাড়া টিকা প্রত্যাশী বহু নারী-পুরুষ ভিড়ের ভেতর অসুস্থ হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকেই এমন ভিড় দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সাভার এলাকার একমাত্র এই টিকাকেন্দ্রে এর আগে একদিনে সর্বোচ্চ ১২ হাজার জনকে টিকা দেওয়া হলেও আজ অন্তত ১৮ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। আরও টিকা দেওয়ার সক্ষমতা উপজলা স্বাস্থ্য খাতের আছে। সরেজমিনে টিকাকেন্দ্রে গিয়ে দেখা যায়, টিকা নিতে যারা এসেছেন তাদের অধিকাংশই পোশাক শ্রমিক। লাইনে গাদাগাদি করে তারা দাঁড়িয়ে আছেন, টিকাকেন্দ্রের প্রবেশ পথ বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন অনেকে। পুলিশ সদস্যসহ টিকাকেন্দ্রের সেচ্ছাসেবকদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে। মাঝে মধ্যে টিকা প্রত্যাশীদের সামলাতে লাঠি ও বাঁশির ব্যবহার করছেন পুলিশ সদস্যরা। এ সময় চার-পাঁচজন রেড ক্রিসেন্ট সদস্য ও এক নারীকে আহত অবস্থায় বেডে করে তুলে টিকা কেন্দ্র থেকে বাইরে নিতেও দেখা গেছে।