
নিউজ ডেস্কঃ শরীয়তপুর-জাজিরা সড়কের ডোমসার ভাস্করদী মোড়ে যাত্রীবাহী বাস, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মফিজ হাওলাদার(৫০) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজ হাওলাদার শরীয়তপুর সদর উপজেলার চরচিকন্দী গ্রামের মৃত গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শরীয়তপুর-জাজিরা সড়কের ভাস্করদী মোড়ে মাঝিরঘাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস, পার্শ্বরাস্তা পশ্চিম দিকের ডোমসার থেকে আসা একটি দ্রুত গতির নছিমন এবং অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেলের সামনের চাকা দুমড়ে-মুচড়ে যায় এবং নছিমন খালে পড়ে যায়। নছিমন চালক মফিজ হাওলাদারকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।