
নিউজ ডেস্কঃ বিএনপির সঙ্গে ওয়ান-ইলেভেনের উপকারভোগীরাও সক্রিয় হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ৷ তিনি বলেন, ‘বিএনপির দুঃশাসন আর দুর্নীতির কারণে ওয়ান-ইলেভেনে দুই বছরের জরুরি সরকার এসেছিল। ওই সময়ে ড. কামাল হোসেন ওই সরকারকে সার্টিফিকেট দেন- যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকুন। সুজনও ওই সময় তাদের সঙ্গে ছিল। রোববার (২০ ফেব্রুয়ারি) নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ওয়ান-ইলেভেনের উপকারভোগীরা আবারও সরব হয়েছেন। তারা অনলাইনে সভা করছে, জাতিকে নসিহতের নামে ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি অশুভ লক্ষণ। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র মোকাবিলা করবে। তিনি বলেন, শেখ হাসিনার রক্ত পরাভব জানে না, আপস জানে না। অসংখ্যবার হত্যাচেষ্টা করা হলেও দীপ্ত পদভারে তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিএনপির রাজনীতি বিভ্রান্তি, অপপ্রচার আর গুজব রটানোর রাজনীতি।