
নিউজ ডেস্কঃ রাজধানীর কুর্মিটোলায় বিমান ঘাঁটি বঙ্গবন্ধুতে শুরু হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের ৬ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২২'।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়, রোববার (২০ ফেব্রুয়ারি) ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২২' শীর্ষক যৌথ মহড়াটি শুরু হয়েছে। এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) একই ঘাঁটিতে এ মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আইএসপিআর জানায়, এ যৌথ মহড়া দু’দেশের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যুদ্ধ/দুর্যোগকালীন সময় যোদ্ধাদের রণক্ষেত্রে অবতরণ, ত্রাণ/উদ্ধার সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্ষমতা ও কার্যদক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নানাবিধ প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে আসছে। বাংলাদেশ সমুদ্র নিকটবর্তী ও নদীমাতৃক দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের জন্য প্রতি বছর বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে থাকে। সে সময় দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান ব্যবহার করা হয়।