
নিউজ ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) সেবা নিশ্চিত করা গেলে কর্মজীবী মায়েরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন। শিক্ষিত ও দক্ষ নারীরা কর্মস্থলে প্রবেশ করতে উৎসাহিত হবেন। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালে কর্মস্থলে নারীর অংশগ্রহণ ৫০:৫০ এ উন্নীত করার অঙ্গীকার বাস্তবায়িত হবে। রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে মহিলা বিষয়ক অধিদপ্তরের শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ইন্দিরা শিশুদের সঙ্গে কেক কেটে ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেন ও সেন্টারটি ঘুরে দেখেন। এ সময় তিনি কর্মজীবী মা ও শিশুদের সঙ্গে কথা বলেন। কর্মজীবী মায়েরা মতিঝিলে ডে-কেয়ার সেন্টার স্থাপন করায় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতির পিতা শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। তিনি সংবিধানে শিশুর অধিকার নিশ্চিত করেন এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন। শিশুরা যেন সৃজনশীল, মননশীল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠে সেলক্ষ্যে জাতির পিতা শিশুবান্ধব অনেক পদক্ষেপ গ্রহণ করেন।