
নিউজ ডেস্কঃ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হলেও এখনো বিঘ্নিত হচ্ছে। এতে ঘাট থেকে চার কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে যানজট। আর ভোগান্তিতে যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। ঘাট কর্তৃপক্ষ জানায়, গত রাত ২টা থেকে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ৪টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে ১২০টি যানবাহন নিয়ে ছোট-বড় ৭টি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। পরে সকাল ৬টার দিকে কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে ছুটির দিন হওয়ায় ঘাট জমে রয়েছে ছোট-বড় সহস্রাধিক যানবাহন। এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এ রুটের যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।