
নিউজ ডেস্কঃ দেশের সিটি করপোরেশন এবং পৌরসভার রাস্তার আইডিভুক্ত না করে অর্থ বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। সরকারি অর্থ সাশ্রয়ের স্বার্থে রাস্তার উন্নয়ন ও সংস্কারের আগে আইডিভুক্ত না করলে অর্থ বরাদ্দ দেওয়া হবে না বলেও জানান তিনি। সিটি করপোরেশন এবং পৌরসভার রাস্তা দ্রুত আইডিভুক্ত করার প্রক্রিয়া নির্ধারণ করতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকীর নেতৃত্বে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করে আগামী সাত দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেন মন্ত্রী।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সিটি করপোরেশন ও পৌরসভার অধিক্ষেত্রে বিদ্যমান রাস্তাসমূহের বিপরীতে পরিচিত নম্বর প্রদান সংক্রান্ত সভায় মন্ত্রী এসব কথা জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সিটি করপোরেশন ও পৌরসভার রাস্তাগুলো আইডিভুক্ত না থাকায় অনেক জায়গায় একই রাস্তায় একাধিকবার কাজ করা হয়। একবার প্রজেক্ট থেকে অন্যবার তাদের নিজস্ব ফান্ড থেকে বরাদ্দ প্রদান করা হয়ে থাকে। এক বছর পরে আবার রক্ষণাবেক্ষণ করতে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এতে করে একদিকে যেমন অর্থ অপচয় হচ্ছে, অন্যদিকে অব্যবস্থাপনা থাকায় অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।