News71.com
 Bangladesh
 09 Feb 22, 11:44 AM
 169           
 0
 09 Feb 22, 11:44 AM

বঙ্গোপসাগরের সুন্দরবন উপকুলে ট্রলার ডুবি॥ চার দিনে মিললো ৭ জেলের মরদেহ

বঙ্গোপসাগরের সুন্দরবন উপকুলে ট্রলার ডুবি॥ চার দিনে মিললো ৭ জেলের মরদেহ

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছধরা ট্রলার ডুবির ঘটনায় রুহুল হাওলাদার ও শহিদুল মল্লিক নামে আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে (০৮ ফেব্রুয়ারি) সুন্দরবনের দুবলার চর থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে ওই তাদের মরদেহ উদ্ধার করে জেলেরা। এ নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত ৭ জনের মরদেহ পাওয়া গেল। এখনও অন্তত ৮ জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দুবলার চরের জেলেরা। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাতে সাগরে মাছ ধরার সময় আকষ্মিক ঝড়ের কবলে পড়ে সুন্দবনের দুবলার শুঁটকি পল্লী এবং উপকূলীয় এলাকার অন্তত ২১টি ট্রলার ডুবে যায়।পরের দিন শনিবার সকালে ডুবে যাওয়া ১৬টি ট্রলার এবং দেড়শতাধিক জেলেকে সাগর থেকে জীবিত উদ্ধার করেন অন্য জেলেরা।

মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া রুহল হাওলাদার (৪২) বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং শহিদুল মল্লিক(৪০) একই এলাকার সৈয়দ মল্লিকের ছেলে। শুক্রবার রাতে ট্রলার ডুবির পরে শনিবার দুই জনের, রোববার রাতে একজনের এবং সোমবার আরও দুই জনের মরদেহ উদ্ধার করেন জেলেরা। তারা হলেন- বাগেরহাটের চিতলমারী উপজেলার মামুন শেখ, কচুয়া উপজেলার বগা গ্রামের প্রয়াত সোনাম উদ্দিনের ছেলে ইয়াকুব আলী বাওয়ালী (২৮), একই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে মহিদ মোল্লা (৩৫), আন্ধারমানিক গ্রামের প্রয়াত সৈয়দ আলী হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন বাদলের (৫০) ও পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার ইসমাইল শেখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন