
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে ধীরগতি, ভোট কম পড়াসহ নানা কারণ চিহ্নিত করে ট্যাকনিক্যাল কমিটির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বলেছে ইসি। নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। ইসি সচিব বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি ট্যাকনিক্যাল কমিটি বৈঠকে বসবে। তারা যা প্রস্তাব করবে তা বাস্তবায়ন করা হবে। ইভিএমের সব সমস্যা সেই বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হবে।
এ পর্যন্ত ইভিএমে যত নির্বাচনে হয়েছে, এর বেশিরভাগেই ভোট পড়েছে ৬০ শতাংশের নিচে। সামগ্রিকভাবে হিসাব করলে ভোট পড়ার হারের দিক থেকে ইভিএমের চেয়ে ব্যালট পেপার অনেক এগিয়ে। ইসি কর্মকর্তারা বলছেন, কেবল আঙ্গুলের ছাপ মুছে যাওয়াজনিত সমস্যা নয়, অনেক সময় ভোটগ্রহণ কর্মকর্তা ঠিকমত প্রশিক্ষণ না নেওয়ার কারণে ভোটের ধীরগতি হয়। আবার অনেক ভোটগ্রহণ কর্মকর্তা নিজেই ট্যাকনিক্যাল বিষয় ভালো করে বোঝেন না। যে কারণে তারা ভোটের দিন ভোট নিতে কিছুটা পিছিয়ে থাকেন। এসব সমস্যার সমাধান খুঁজছে ইসি।