News71.com
 Bangladesh
 11 Nov 21, 09:06 PM
 176           
 0
 11 Nov 21, 09:06 PM

বঙ্গোপসাগরেনিম্নচাপ॥ ঘূর্ণিঝড়ের কোন শঙ্কা নেই

বঙ্গোপসাগরেনিম্নচাপ॥ ঘূর্ণিঝড়ের কোন শঙ্কা নেই

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কা এখনো নেই। ফলে বৃষ্টি ঝরিয়ে আগামী সপ্তাহেই শক্তি হারাতে পারে এটি। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এটি আরো ঘণীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, উপকূল থেকে অনেক দূরে নিম্নচাপটির কেন্দ্র। তাই এ নিয়ে কোনে শঙ্কা নেই। আপাতত ঘূর্ণিঝড়েরও কোনো শঙ্কা নেই। তবু সতর্কতা হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি আসার জন্য বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার (১৩ নভেম্বর) নাগাদ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন