News71.com
 Bangladesh
 10 Nov 21, 09:48 PM
 235           
 0
 10 Nov 21, 09:48 PM

বাড়তি ভাড়ায়ও অনিয়ম॥ ১৮ বাসকে জরিমানা

বাড়তি ভাড়ায়ও অনিয়ম॥ ১৮ বাসকে জরিমানা

নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সমন্বয় করতে ভাড়া বাড়ানো হয়েছে বাসের। নির্ধারিত বাড়তি ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া ঠেকাতে রাজধানীতে অভিযান চালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অধিকাংশ বাসেই বর্ধিত ভাড়ার তালিকা পাওয়া যায়নি। এ সুযোগে বাসগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছে। এ অপরাধে রাজধানীর কলাবাগান ও শাহবাগ এলাকায় ১৮টি বাসকে ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ নভেম্বর) কলাবাগান পুলিশ বক্স সংলগ্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক এবং রাজধানীর শাহাবাগস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ। কলাবাগান সিগন্যালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অন্তত ২৫টি গাড়ি থামিয়ে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কি-না এবং গাড়িতে বর্ধিত ভাড়ার তালিকা টাঙানো আছে কি-না পর্যবেক্ষণ করেন ম্যাজিস্ট্রেট। এ সময় কলাবাগানে আটটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এসব মামলায় মোট সাড়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ১০টি বাসকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন