
নিউজ ডেস্কঃ পারিবারিক বিষয় নিয়ে মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগ এনে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর সাংবাদিক মাসউদুর রহমানসহ ছয় জনের নামে মামলা করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকত। মঙ্গলবার (২৬ অক্টোবর) আদালত সূত্রে মামলার বিষয়টি জানা গেছে। এর আগে, সোমবার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন- চ্যানেল ২৪, টেলিভিশনটির বার্তা সম্পাদক, বাদী সৈকতের স্ত্রী তাসনোভা ইকবাল ও তাসনোভার মা নাজমা সুলতানা। মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ২০ অক্টোবর মুশফেক আলম সৈকত ও তাসনোভা ইকবাল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরের বছর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর তাসনোভা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া সিদ্ধান্ত নেয়। সৈকত চাকরি ও ক্যারিয়ার ফেলে তাসনোভার সঙ্গে সন্তান নিয়ে মালয়েশিয়া যান। তাসনোভা পড়ালেখার জন্য বাসার বাইরে থাকতেন। সৈকত সন্তানের দেখাশোনা করতেন। সন্তানের জন্য পড়াশোনার অসুবিধা হচ্ছে বলে সন্তানসহ সৈকতকে দেশে ফিরে আসতে বলেন। এ নিয়ে ঝামেলা করেন তাসনোভা।