News71.com
 Bangladesh
 25 Oct 21, 12:18 AM
 233           
 0
 25 Oct 21, 12:18 AM

পায়রা সেতুতে আনুষ্ঠানিক যান চলাচল॥ উচ্ছ্বসিত চালক-যাত্রী

পায়রা সেতুতে আনুষ্ঠানিক যান চলাচল॥ উচ্ছ্বসিত চালক-যাত্রী

নিউজ ডেস্কঃ দক্ষিণ বাংলার মানুষের আকাঙ্ক্ষা ও স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। রোববার (২৪ অক্টোবর) সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর সোয়া ১২টার দিকে সেতুতে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়। তবে এর আগে পটুয়াখালী প্রান্তের ডিজিটাল টোলপ্লাজা দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম গাড়ি নিয়ে সেতুতে ওঠেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর। পায়রা সেতুতে প্রথম টোল দেওয়া যাত্রীবাহী বাসের চালক মো. ছত্তার বলেন, উদ্বোধনের পর সেতুতে উঠতে পেরে বেশ ভালো লেগেছে। সেতুটি পার হওয়ার অনুভুতিটা ছিল অন্যরকম। তবে ফেরির থেকে সেতুতে টোলের পরিমাণ বেশি। যান চলাচল শুরু হওয়ার পর সেতুটি পার হওয়ার সময় দক্ষিণাঞ্চলের এ রুটের চালক-শ্রমিক ও যাত্রীদের বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

এদিকে সেতুতে যান চলাচল শুরু হওয়ার আগে সকালে চারটি ফেরি শেষবারের মতো চলাচল করেছে লেবুখালি ফেরিঘাটে। প্রসঙ্গত, বরিশাল বিভাগে এটিই প্রথম ফোরলেনের সেতু। আর এ সেতু পারপারের টোল আদায়ে যে ডিজিটাল টোলপ্লাজা নির্মাণ করা হয়েছে সেটিও প্রথমবারের মতো বিভাগের কোনো সেতুতে সংযুক্ত হলো। এছাড়া এ সেতুর বরিশাল প্রান্তে ওজন স্কেল বসানো হয়েছে। সেই সঙ্গে দেশের কোনো সেতুতে প্রথমবারের মতো ‘ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম’ সংযোজন করা হয়েছে। ফলে বিভিন্ন দুর্যোগ বা ওভারলোডেড গাড়ি চলাচলের ফলে সেতুতে যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, তার (ক্ষতির) পূর্বাভাস পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন