
নিউজ ডেস্কঃ উপজেলা কর্মকর্তাদের কাছে দুর্যোগকালীন অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার (২৪ অক্টোবর) জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), সাবের হোসেন চৌধুরী, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশ নেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়াধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০১৬-২০১৭ সালের অর্থবছরে যেসব প্রকল্প নিয়েছে, সেগুলো এবং চলমান প্রকল্পের আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতি এবং ২০১৯-২০২০ সালের অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যেকোনো পাঁচটি সমাপ্ত প্রকল্পের ওপর আইএমইডর মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থার বাস্তব অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া এবং একজন প্রকল্প পরিচালককে একাধিক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।