
নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, ‘সুফিবাদের তীর্থস্থান হিসেবে তুরস্কের সাথে সিলেটের মিল রয়েছে। আমরা সামনের দিনগুলোতে সিলেটের সাথে তুর্কি এয়ারলাইন্সের সরাসরি বিমান চলাচল, মেডিকেল ট্যুরিজম বৃদ্ধি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাথে তুরস্কের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সমঝোতা চুক্তি সম্পাদন করবো।’
শনিবার (২৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সাথে সৌজন্য স্বাক্ষাতকালে এসব কথা বলেন তিনি। শিক্ষা ও গবেষণায় একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইন প্রফেশনার কর্মশালার জন্য একসাথে কাজ করব। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সঠিক নেতৃতের জন্য উপাচার্যের ভূয়সী প্রশংসা করেন।’