
নিউজ ডেস্কঃ নিজের ছোট ভাই শেখ রাসেলের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ও ছিল একেবারে আমাদের চোখের মণি। সোমবার (১৮ অক্টোবর) রাতে জাতির পিতা বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্মৃতিচারণমূলক বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেলের জন্মের সময়কার স্মৃতিচারণ করে বড় বোন শেখ হাসিনা বলেন, ‘১৭ তারিখ দিবাগত রাত দেড়টা কি দুটো, এ রকম সময়ে রাসেলের জন্ম হলো। আমাদের বড় ফুফু, মেজো ফুফু তখন আমাদের বাসায়। যখন খবরটা আমরা পেলাম তখন তো আমাদের খুশি আর ধরে না।’
‘আমি যেই প্রথম কোলে নিলাম ওর মাথা ভর্তি, কালো ঘন চুল, আমার গায়ে ওড়না ছিল সে ওড়না দিয়ে মাথা মুছে, চিরুনি নিয়ে এসে ওর মাথা আচড়াতে গেলে ফুফু আমাকে ধমক দিল যে, এটুকু বাচ্চার মাথায় চিরুনি দেয় না। এত ঘন কালো চুল। এর চিরুনি দিতে হয় না, চামড়া উঠে যাবে। তখন থেকেই ও ছিল একেবারে আমাদের চোখের মণি। সবার, প্রত্যেকটা ভাই-বোনের জন্য, এ আনন্দটা ভাষায় বর্ণনা করা যায় না।’ শেখ হাসিনা বলেন, ‘আমরা এত খুশি ছিলাম এবং আমরা সর্বক্ষণ ওকে নিয়ে খেলতে… ও আস্তে আস্তে বড় হচ্ছে, প্রতি সপ্তাহে ওর একটা করে ছবি তুলতাম। দুটো অ্যালবামও করে রেখেছিলাম। ওর যে পরিবর্তনটা, বিশেষ করে তিন মাস পর পর একটা ছবি। আর সর্বক্ষণ ও আমাদের সবচেয়ে বেশি আদরের ছিল।’