
নিউজ ডেস্কঃ বাগেরহাটে আবাসিক হোটেল থেকে মোছা. নাসিমা খাতুন (৩৪) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই নারীর স্বামী রবিউল ইসলাম রুবেলকে (২৩) আটক করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের রাহাতের মোড়স্থ বিলাস হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নাসিমা খাতুন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী দক্ষিণপাড়া এলাকার ওলীদ মিয়ার মেয়ে। তিনি ঢাকার সাভার এলাকার একটি গার্মেন্টে চাকরি করতেন। রবিউল ইসলাম রুবেল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চতুরা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। শুক্রবার বিকেলে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা হোটেল বিলাসে উঠেছিলেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রুবেল জানান, ২০১৫ সালে ঝিনাইদহ পলিটেকনিকে পড়ার সময় ১১ বছরের বড় স্বামী পরিত্যক্তা নাসিমার সঙ্গে তার সক্ষতা গড়ে ওঠে। সেই সূত্র ধরে একই বছরের ২ মে একটি বাড়িতে রুবেলকে আটকে রেখে নাসিমার সঙ্গে বিয়ে দেয় তার পরিবার। পরবর্তীকালে রুবেল নাসিমাকে নিয়ে তার বাড়িতে আসেন। কিন্তু ২০১৬ সালে রুবেলের পরিবার থেকে চলে যান নাসিমা। পরে রুবেলের নামে অত্যাচার নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। দুই জনের যোগাযোগ বন্ধ থাকে। এর মধ্যে রুবেল আবারও বিয়ে করেন। কিন্তু এক বছর থেকে নাসিমা এবং রুবেলের মধ্যে আবারও মোবাইল ফোনে যোগাযোগ এবং দেখা সাক্ষাৎ হতে থাকে। বিলাস হোটেলের ম্যানেজার মো. হুমায়ুন বলেন, রুবেল এবং নাসিমা এর আগেও আমাদের হোটেলে থেকেছে। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে আমাদের হোটেলে থাকেন। এর থেকে বেশি কিছু আমরা জানি না।