
নিউজ ডেস্কঃ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, দেশ স্বাধীন করার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের সংবিধানে অসম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ কথাটি নিয়ে এসেছিলেন। আজ সেই অসম্প্রাদায়িক রাষ্ট্রকে ঠিক রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চিন্তা-চেতনা নিয়ে কাজ করছেন, সেগুলোকে জানতে হবে। আমরা চাই অসম্প্রদায়িক বাংলাদেশ আজীবন অটুট থাকুক, বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা বাস্তবায়িত হোক। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ধর্মীয় সম্প্রীতির উন্নয়নে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি আরো একটি ডেল্টাপ্রকল্প ২১০০ হাতে নিয়েছেন। এখন দেশের মানুষ সুখে শান্তিতে আছে। ২১০০ সালে দেশে যত কোটি মানুষ থাকবে তারা এর থেকেও বেশি সুখে শান্তিতে যাতে থাকে, সেই কাজও ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, রাস্তাঘাট, স্কুল-মাদ্রাসা, মসজিদ-মন্দির-গির্জাসহ সবকিছু হচ্ছে। এতে আবাদি জমির পরিমাণ কমছে। কিন্তু দেশে বিপুল আবাদি জমি থাকার পরও সাড়ে ৭ কোটি মানুষ ঠিকভাবে ভাত খেতে পারতো না। এখন তা হচ্ছে না, সবাই তিনবেলা ভাত খাচ্ছে।