News71.com
 Bangladesh
 10 Oct 21, 09:43 PM
 197           
 0
 10 Oct 21, 09:43 PM

এই সরকারকে আর সময় দেওয়া যাবে না॥ ফখরুল

এই সরকারকে আর সময় দেওয়া যাবে না॥ ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার বিচার বিভাগ, পার্লামেন্ট, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাই এই সরকারকে কোনোভাবেই আর সময় দেওয়া যাবে না। রোববার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জেহাদ দিবস উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতাযুদ্ধ করেছিলাম। লাখ লাখ মানুষের জীবনের বিনিময়ে আমরা সেদিন স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। পরে ১৯৯০ সালে একটি গণঅভ্যুত্থান বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তন এনে দিয়েছিল। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেদিন দেশনেত্রী খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। আজকে আবার সেই সময় এসেছে। আরো দৃঢ়তার সঙ্গে আরেকটি গণঅভ্যুত্থান ঘটাতে হবে।

মির্জা ফখরুল বলেন, আপনারা লক্ষ্য করেছেন প্রায় প্রতিটি আন্দোলনে আমাদের ছাত্ররাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। ’৯০-এর গণঅভ্যুত্থানে যেমন আমান উল্লাহ আমানরা তাদের দায়িত্ব পালন করে সফল হয়েছেন, ঠিক একইভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ছাত্ররাই সফল হয়েছিল। এমনকি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ছাত্র-যুবকরাই জয়ী হয়েছিল। তিনি বলেন, আজকে একটা ভয়াবহ পরিস্থিতি। জেহাদ যে কারণে রক্ত দিয়েছিল, সেই গণতন্ত্রকে আজকে আমাদের কাছ থেকে হরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের অর্জনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা এখন আমরা ভোগ করছি না। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে বিপন্ন হয়েছে। আমরা আজকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন