
নিউজ ডেস্কঃ তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, তুরস্কে আইএসপিআর জানায়, গত ১৮ আগস্ট ইস্তানবুলে পৌছান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ইস্তানবুলে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে এবং তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইসমাইল দেমির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান। সাক্ষাতে উভয়েই তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে সামরিক সরঞ্জামাদিসহ সব প্রকার সহযোগিতা এবং সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা ২০২১ এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখান প্রদর্শিত নানাবিধ সামরিক সরঞ্জামাদির ব্যাপারে অবহিত হন।
ইস্তানবুল হতে আঙ্কারা পৌঁছালে সেনাবাহিনী প্রধান সেখানে অবস্থিত মোস্তফা কামাল আতাতুর্ক এর সমাধিস্থল এবং জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আঙ্কারা অবস্থান কালে সেনাবাহিনী প্রধান তুর্কি চিফ অব ল্যান্ড ফোর্সেস জেনারেল মুসা আভ সেভের এবং চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ইয়াসের গুলের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয়ের সঙ্গে সাক্ষাতে তুরস্ক এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। আলোচনায় উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ, প্রশিক্ষণ বিনিময়, ইত্যাদি বিষয়গুলো প্রাধান্য পায়।