
নিউজ ডেস্কঃ মোবাইল অপারেটর রবি থেকে বিদায়ী সভাপতি মাহতাব উদ্দিন আহমেদের পদত্যাগের সিদ্ধান্তের ফলে নতুন সভাপতি হিসেবে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অসকে নির্বাচিত করেছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। মাহতাব উদ্দিনের পরিবর্তে চলতি মেয়াদে ২০২২ সালের মার্চ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। বুধবার (২৫ আগস্ট) এক ভার্চ্যুয়াল সভায় রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চিফ ফিনান্সিয়াল অফিসার এম রিয়াজ রাশিদকে বোর্ডের পরিচালক হিসেবে স্বাগত জানানোর পাশাপাশি মাহতাব উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানান অ্যামটব বোর্ড সদস্যরা।
অ্যামটব সভাপতি এরিক অস বলেন, টেলিকমখাত দেশের সার্বিক অবকাঠামোর ডিজিটালাইজেশন ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। অ্যামটবের পক্ষ থেকে আমরা টেলিকমখাত ও সামগ্রিকভাবে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার, নিয়ন্ত্রণকারী সংস্থা, নীতিনির্ধারক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে যাবো। আমরা দেশের ডিজিটাল অবকাঠামো, অর্থনীতি ও মানুষের জীবন যাত্রার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ ও চ্যালেঞ্জকে চিহ্নিত করে এগিয়ে যেতে চাই।'