
নিউজ ডেস্কঃ ঢাকার পাসপোর্ট অধিদপ্তরের সার্ভার জটিলতার কারণে বেশ কিছুসংখ্যক পাসপোর্ট এখনও পাইপলাইনে আছে। শীঘ্রই এগুলো ঢাকা থেকে পুনরায় হাইকমিশনে পাসপোর্ট আসা শুরু হবে বলে আশা প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। পাসপোর্ট হাইকমিশনে আসা মাত্রই যথাযথ প্রক্রিয়ায় দ্রুত বিতরণের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। রোববার ( ২২ আগস্ট) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, লকডাউন চলাকালে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রবাসীদের মধ্যে সহজে পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাইকমিশন গত এপ্রিল মাস থেকে ৩৬টি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ করে আসছে। গত ৬/৭ মাসে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে রেকর্ড সংখ্যক দুই লাখেরও বেশি পাসপোর্ট প্রবাসীদের হাতে পৌঁছানো হয়েছে, যার একটি বৃহৎ অংশ ডাকযোগে বিতরণ করা হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই প্রবাসীরা পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন। অ্যাপয়েন্টমেন্টের পর দ্রুততম সময়ের মধ্যে তার পছন্দ মোতাবেক নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট হাতে পাচ্ছেন। এতে একদিকে যেমন প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে অন্যদিকে করোনার ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারছেন। মালয়েশিয়াব্যাপী দীর্ঘমেয়াদী চলমান লকডাউনের মধ্যেও পাসপোর্ট দেওয়ারে প্রক্রিয়া চালু রাখা সম্ভব হয়েছে।